নোয়াখালীতে মসজিদে ফ্যানের সঙ্গে ইমামের ঝুলন্ত লাশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১ ৩:২০ অপরাহ্ণ

নোয়াখালীর সদর উপজেলায় মসজিদে গলায় ফাঁস দিয়ে হাফেজ মো. সেলিম (৪০) নামের এক ইমাম আত্মহত্যা করেছেন। রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজ উদ্দিনপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত সেলিম সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের সরু মিয়ার ছেলে।

জানা যায়, সেলিম রোববার রাতের যেকোনো সময়ে মসজিদের শয়নকক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ফজরের নামাজের সময় নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মসজিদ কমিটি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এটাকে হত্যা দাবি করে নিহতের স্বজনরা বলেন, সেলিম কোরআনে হাফেজ ও খুব ভালো মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন না। এটি হত্যা নাকি আত্মহত্যা, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন গণমাধ্যম কর্মিদের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন