নীলপরশে জয়ন্তী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৫ অপরাহ্ণ

পুরনো স্মৃতিকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব শেষ হলো গত বৃহস্পতিবার। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত ছিল ক্যাম্পাস। উৎসব উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে সুদৃশ্য প্যাভিলিয়ন স্থাপন করে উত্তরবঙ্গের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নীলসাগর গ্রুপ।

সুসজ্জিত বিদ্যালয় ক্যাম্পাসে এই প্যাভিলিয়ন ছিল বাড়তি আকর্ষণ। প্যাভিলিয়নের দায়িত্বে নিয়োজিত নারী ও পুরুষ এক্সিকিউটিভ এবং কর্মীরা সবার নজর কেড়েছেন।

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় গত ২৫ ও ২৬ ডিসেম্বর। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিল নীলসাগর গ্রুপ। উৎসব অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে রেখেছিলেন প্যাভিলিয়নের এক্সিকিউটিভ ও কর্মীরা। প্যাভিলিয়নের সামনে ছিল নীল রঙের চোখ জুড়ানো ব্যানার। ছিল চা আর কফির স্টল। সুসজ্জিত কর্মীরা চা ও কফি তৈরি করে দিয়েছেন।

নীল ট্রাউজার এবং সাদা শার্টে নীল ব্লেজার ও নীল টাই পরা পুরুষ ও নারী এক্সিকিউটিভরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং সেবা দিয়েছেন। আগতদের অনেকে শুধু একটি সেলফি এবং তাদের সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেছেন প্যাভিলিয়ের সামনে, দাঁড়িয়েছেন তাদের পাশে।

অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিন বৃহস্পতিবার কথা হয় নীলসাগর গ্রুপের নারী এক্সিকিউটিভ আয়েশা সিদ্দিকা রুমকি, লাবণ্য আক্তার মৌ, মৌসুমী আহমেদ এবং তাসলিমা ফেরদৌস রুনার সঙ্গে। তারা বলেন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে আমাদের প্রতিষ্ঠান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা চার নারী কর্মকর্তা এসেছি, এসেছেন পুরুষ কর্মকর্তা ও কর্মীরা। প্যাভিলিয়নে নীলসাগর গ্রুপের নিজস্ব উৎপাদিত বিভিন্ন কনজ্যুমার পণ্য প্রদর্শন করা হচ্ছে। এখানে অনেক শীত কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অতিথিদের মিলনমেলায় শীত আমাদের স্পর্শ করতে পারেনি। এই অঞ্চলের মানুষের বিনয় ও আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। প্রতিটি মানুষ আমাদের সহযোগিতা করেছেন।

নীলসাগর গ্রুপের কনজ্যুমার বিভাগের ম্যানেজার অপারেশন্স এস এম আশরাফ সিদ্দিকী বলেন, আমাদের পণ্য নিয়ে আমরা এই প্রথম কনকনে শীতের মধ্যেও কোনো ওপেন প্লেসে এসেছি। সুবর্ণ জয়ন্তী উৎসব আমাদের মুগ্ধ করেছে। উৎসব অনুষ্ঠানে অতিথিরা আমাদের কনজ্যুমার পণ্য দেখেছেন। আমাদের এই মানসম্পন্ন পণ্য অনেকেই নিয়েছেন। তাদের হাতে পণ্য তুলে দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।

নীলসাগর গ্রুপের এক্সপোর্ট বিভাগের জেনারেল ম্যানেজার রিজা শাহীদ রিজভী বলেন, প্যাভিলিয়নে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের পণ্যের মান অত্যন্ত ভালো। দুদিনের জন্য এই উৎসবে এসেছি। উৎসব অনুষ্ঠানে আগত ছোট বড় সবাই আমাদের পণ্য নিয়ে যাচ্ছেন।

নীলসাগর গ্রুপের পোল্ট্রি এন্ড ফিশ কেয়ার বিভাগের এরিয়া ম্যানেজার আওরঙ্গজেব সুজন বলেন, আমাদের কর্মকর্তা ও কর্মীদের পরিপাটি পোশাক ও উপস্থাপনা নীলসাগর গ্রুপকে তুলে ধরেছে। আমরা একশ কর্মকর্তা ও কর্মী এই উৎসব অনুষ্ঠানে নিরলস সেবা দিয়ে যাচ্ছি। এখানে সবাই আমাদের সহযোগিতা করেছেন ও করছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক ‘খোলা কাগজ’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘পরিবর্তন ডটকম’। দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডটকম এই অনুষ্ঠানের খবর ফলাও করে প্রচার করছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন