নদীতে মাছ ধরায় লক্ষ্মীপুরে ২২ জেলের হাতকড়া
নিজস্ব প্রতিবেদক: সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মেঘনা নদীতে মাছ ধরায় লক্ষ্মীপুরে একরাতে ২২ জেলেকে আটক করা হয়েছে।
এসময় ৪টি ইঞ্জিন চালিত নৌকা, ২৫ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। বুধবার (১১ মার্চ) বিকেল ৩ টার দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সৌপর্দ করা হয়েছে। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাত থেকে বুধবার (১১ মার্চ) ভোর পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সদরের চররমনিমোহন গ্রামের বাসিন্দা খোকন, মো. আজগর, বিল্লাল, আলী হায়দার, মো. কাদের, আবদুল হাকিম, খোরশেদ আলম, আল-আমিন, মো. সোহেল, আলমাস, আবদুল মতিন, আল-আমিন, কমলনগরের চরকালকিনির বাসিন্দা মো. বাহার, মো. মনির, মোশাররফ হোসেন, সোহেল, মো. রাসেল, মিরাজ, মঞ্জু, রাশেদ, রিয়াজ ও আরিফ হোসেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত কোস্টগার্ডেল সহযোগীতায় অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪টি ইঞ্জিন চালিত নৌকা, ২৫ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে।