চাঁদপুরে বাড়তি দামে আলু বিক্রি, ২ কোল্ড স্টোরেজকে জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণে আলু মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাড়তি দামে বাজারে বিক্রয়ের অভিযোগে দুটি কোল্ড স্টোরেজকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পর্যাপ্ত আলু স্থানীয় দুটি কোল্ড স্টোরেজে মজুদ রাখা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করাসহ সরকার নির্ধারিত ২৭ টাকা মূল্যে আলু বিক্রয় না করে কেজিপ্রতি ৩৪-৩৮ টাকা মূল্যে কৃষক এবং ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করছিল দুটি কোল্ড স্টোরেজ। এমন অভিযোগ হাতেনাতে প্রমাণিত হওয়ায় পৃথকভাবে মেসার্স মমতা কোল্ড স্টোরেজ এবং মেসার্স কবির কোল্ড স্টোরেজের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মজুদকৃত আলু দ্রুতসময়ে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহের ব্যবস্থা গ্রহণে কোল্ডস্টোরেজ মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করা হয় বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন