চাঁদপুরে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫, আটক ৮৯

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

চাঁদপুরে পদ্মা-মেঘনা নৌ-সীমানায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ-থানার ওসিসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে পদ্মা-মেঘনার লক্ষ্মীরচর ও কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেরা ইটপাটকেল ছুড়ে মারলে তারা আহত হয়।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে নৌ-পুলিশের ১০-১২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা নেয়।

আহতদের মধ্যে  সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, পুলিশ সদস্য বাবুল কান্তি দেন, আবুল বাসার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, অনিলসহ আরও কয়েকজন। তবে জেলেদের মধ্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

এদিকে নৌ-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল উদ্ধার, ৪৬৭ কেজি ইলিশ ও ৩৩টি নৌকা জব্দ করা হয়। চারটি মোবাইল কোর্ট ও আটটি মামলা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা ও বাকিদের জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রতিদিনই জেলেরা হামলা করে। এতে পুলিশ সদস্যরা প্রায়ই আহত হয়। এই হামলার ঘটনায় যৌথ অভিযানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন