গাজীপুর সিটি করপোরেশনে চাকরি পাচ্ছেন সেই ফারুক
নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের দুঃসময়ের সঙ্গী দাপুটে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুকের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানসমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার জীবন জীবিকার জন্য তাকে অটোরিকশা উপহার দিলেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার নির্বাচনী এলাকার এই সাবেক ছাত্রনেতাকে গাজীপুর সিটি কর্পোরেশানে চাকরির ব্যবস্থা করেছেন এবং নোয়াখালী জেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার পরিবারের ভরণ-পোষণের জন্য নগদ অর্থ প্রদান করেছেন এবং তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
জানা য়ায়, এক সময়ের দাপুটে এই ছাত্র নেতা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুমের কারণে ডিগ্রি পাস করতে পারেননি। ফলে কোথাও তার চাকরি না হওয়ায় জীবন ও জীবিকার তাগিদে এবং অর্থাভাবে এখন রিকশা চালাতে বাধ্য হচ্ছেন। ছাত্র নেতা হবার কারণে অনেক পরিচিত মুখ তার রিকশা চড়তেও লজ্জা পেতো।
‘দাপুটে ছাত্রলীগ নেতা এখন রিকশাচালক’ শিরোনামে এই সংবাদটি একটি জাতীয় দৈনিকে শুক্রবার প্রকাশিত হলে সংবাদটি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই ছাত্রলীগ নেতার জীবন জীবিকার জন্য তাকে একটি আটোরিকশা কিনে দেবার জন্য তিনি নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে শনিবার দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শনিবার নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান তার বাংলোয় ডেকে এনে সেই ছাত্রলীগ নেতার হাতে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন। এ সময়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম উপস্থিত ছিলেন।
ফারুকের এই রিকশা চালানোর সংবাদটি নজরে আসার নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তাকে তার বাড়িতে ডেকে নগদ অর্থ প্রদান করেন এবং তার পরিবারে পাশে থাকার ঘোষণা দেন। একই সংগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে গাজীপুর সিটি কর্পোরেশানে চাকরির ব্যবস্থা করেছেন বলে তার গণসংযোগ কর্মকর্তা উপসচিব আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।
নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ফারুককে একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দিয়েছি। তার পারিবারিক সমস্যাগুলো খতিয়ে দেখে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান জেলা প্রশাসক।
সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, ফারুক দুঃসময়ের ছাত্র লীগ নেতা। কিন্তু সে যে এতটা সমস্যাগ্রস্ত ছিলেন এটি তার নজরে আসেনি। এমনকি এটা দলীয় কোনো ফোরামে জানা যায়নি। শনিবার খবরটি শোনার পর তার জীবিকা নির্বাহের জন্য তাকে সর্বাত্মক সহযোগিতার ঘোষাণা দেন তিনি।
এদিকে সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতঞ্জতা জানিয়ে বলেন, আজ আমার চাওয়া পাওয়ার কিছু নেই। বঙ্গবন্ধু আদর্শের দল করেছি কিছু পাবার জন্য নয়। বঙ্গবন্ধুর কন্যা সারাদেশের মানুষের খবর নেয় এটি তার প্রমাণ। এটাও সঠিক এক সময়ে চাকরির জন্য ধর্ণা দিয়ে পাইনি। তাই কারো কাছে না গিয়ে রিকশা চালিয়ে সংসার চালানোর সিদ্ধান্ত নিয়েছি। পরে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতারা খোঁজখবর নিচ্ছেন। অনেকেই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দিয়েছেন। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশনে একটি চাকরির খবর শুনেছি। এমপি একরামুল করিম চৌধুরীও আর্থিক সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় যেন পরিবার-পরিজন নিয়ে বাঁচতে পারি, সেই প্রত্যাশা করেন সাবেক এই ছাত্র নেতা।