গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
করোনাভাইরাস মহামারির সংকটকালে স্বাস্থ্যবিধি অনুসরণের ‘অজুহাতে’ জনগণের ওপর একচেটিয়াভাবে বাস ভাড়া বাড়িয়ে দেয়ার অভিযোগ করে, অনতিবিলম্বে ৮০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, ‘সড়কে চাঁদাবাজির বন্ধের পদক্ষেপ না নিয়ে, জ্বালানী তেলের মূল্য না কমিয়ে, পরিবহনের চালক-শ্রমিকদের স্বাস্থ্যবিধি অনুসরণ সম্পর্কিত প্রশিক্ষণ না দিয়ে, গণপরিবহন চালুর মধ্য দিয়ে জনগণকে চরম ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।’
গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়ে সড়কে নৈরাজ্য ও যাত্রী হয়রানি আরও বৃদ্ধির সুযোগ তৈরী করে দিচ্ছে সরকার বলেও মন্তব্য করেন তিনি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও বলেন, যেকোনো সংকটের সময়ে দেশে গণপরিবহনের ভাড়া একবার বাড়ালে তা স্বাভাবিক সময়ে আর কমানোর নজির নেই।
বিবৃতিতে, অনতিবিলম্বে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে রাষ্ট্রীয় ভর্তুকি দিয়ে বিদ্যমান ভাড়ায় জন সাধারণকে যাতায়াতের সুযোগ দেয়ার দাবি জানান তিনি।