করোনা: সামাজিক দূরত্ব না মানায় ৬০ হাজার টাকা জরিমানা
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে ২৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৯ হাজার ৮০০ টাকা জরিমানা হয়। এছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন কলেরভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৫৪১টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।