কমলনগরে আদালতের নির্দেশ আমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগরে আদালতের স্থগিতাদেশ অমান্য করে প্রবাসীর জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। দিনের বেলায় কাজ বন্ধ রেখে রাতের অন্ধকারে প্রতিপক্ষ কাজ করছে বলেও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এমন অভিযোগ করেছেন মামলার বাদী প্রবাসী আব্বাছ হোসেনের স্বজন শারমিন আক্তার।
জানা গেছে, ভুক্তভোগী আব্বাছ সৌদি প্রবাসী। কমলনগর উপজেলার চর ফলকন আব্বাছ ওয়ারিশ ও ক্রয়সূত্রে ৩৯ শতাংশ ভূমির মালিক। এরমধ্যে চরফলকন গ্রামে হাজিরহাট-মাতাব্বরহাট সড়কের পাশে আব্বাছের ১৩ শতাংশ জমি হাজেরা ও তার ছেলে ফারুক জোরপূর্বক দখল করে রেখেছে। এ বিষয়ে আব্বাছ রামগতি সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। শান্তি-শৃংখলা বজায় রাখতে আদালত ওই জমিতে স্থিতাবস্থার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ আব্বাছ মানলেও মানছেননা হাজেরা। আদালতের নির্দেশ অমান্য করেই তারা বিরোধীয় জমিতে ভবন নির্মানের কাজ করছে।
প্রবাসী আব্বাছ হোসেন মুঠোফোনে বলেন, তার পরিবারের লোকজন ওমরাহ হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব রয়েছেন। সেই সুযোগে ওই জমির কিছু অংশে প্রতিপক্ষ হাজেরা ও তার ছেলে ফারুক ভবন নির্মাণের কাজ করে আসছেন। খবর পেয়ে আমার স্বজনরা ঘটনাস্থল গিয়ে কাজে বাধা দিলে তারা তাদের গালমন্দ ও মারধরের হুমকি দেয়। আমার ১৩ শতাংশ জমি হাজেরা ও তার ছেলে জোরপূর্বক দখল করে আছে। তারা সালিসি বৈঠকের রায়ও অমান্য করেছে।
আব্বাছের স্বজন শারমিন আক্তার বলেন, ফারুকরা দিনের বেলায় নির্মাণ কাজ না করিয়ে চুরি করে রাতের অন্ধকারে কাজ করছে। আমরা সেখানে গেলে তারা মারধর করার হুমকি দেয়।
হাজেরার ছেলে ফারুক হোসেন বলেন, আব্বাছ আমার মামা। আমার মা পৈত্রিক সম্পত্তি পাবে। কিন্তু আব্বাছ তা বুঝিয়ে দিচ্ছে না। সব জমি সে দখল করে ভোগ করে আসছে। এখন ভবন নির্মাণ করতে গেলে তিনি আমাদের হয়রানির উদ্দেশ্যে আদালতে মামলা করেছে। মামলার পর থেকে আমরা কাজ বন্ধ রেখেছি। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
বাদীর আইনজীবী মিলন মন্ডল বলেন, জমি নিয়ে আব্বাছ ও হাজেরাদের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনায় আব্বাছ রামগতি সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলাটি রামগতির সিভিল জজ উম্মে হানি সাদিয়ার আদালতে বিচারাধীন রয়েছে। বিরোধীয় জমির মামলা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে আদালতে স্থগিতাদেশ দিয়েছে। এরপরও শুনেছি বিবাদীরা জোরপূর্বক আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ করছে।