একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে সরকার : মির্জা ফখরুল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১০ পূর্বাহ্ণ

সরকার একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছেন। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় বিদেশে অবস্থান করছেন। অগণিত মানুষকে মামলা দেয়া হয়েছে। এ রকম ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এটা থেকে রক্ষা পেতে তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে গণঅভ্যুত্থান সৃষ্টি করব।

বিএনপি মহাসচিব বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য ১৯৫২ সালে জব্বার, রফিক, সালাম, বরকতসহ অনেকে রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।

তিনি বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা আর কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই। ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ ব্যবস্থা‌র। সেই চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। আমরা দেখেছি শহিদ জিয়াউর রহমান যে একুশে পদক চালু করেছিলেন, সেটি এখনও চলছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন