একটি আমের দাম ৯৫০ টাকা!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ মার্চ, ২০২১ ১০:৪২ পূর্বাহ্ণ

রাজশাহীতে একটি মসজিদের উন্নতিকল্পে চলছিল ওয়াজ মাহফিল। হঠাৎ মাহফিলে আসা দানের একটি রঙিন আম সবার নজর কাড়ে। নজরকাড়া আমটি নিলামে ৯৫০ টাকায় বিক্রি হয়। মাইকে একটি আমের দাম ৯৫০ টাকা শুনে আশপাশে তোলপাড় সৃষ্টি হয়। এতে আমটি এক নজর দেখতে ছুটে আসেন উৎসুক জনতা।

মঙ্গলবার রাতে জেলার মোহনপুরে মৌগাছি ইউপির বসন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। প্রায় ৩০০ গ্রাম ওজনের আমটি কিনেছেন একই গ্রামের আব্দুর রাজ্জাক নামের এক যুবক।

ওয়াজ মাহফিলের সভাপতি মো. দেরাজ উদ্দীন জানান, বার্ষিক ওয়াজ মাহফিলে দানের সব জিনিস নিলামের মাধ্যমে বিক্রি হয়। বিক্রির সেই টাকা দান হিসেবে গণ্য হয়। ওই সময় অসময়ে আম দেখে মুসল্লিদের মধ্যে অন্যরকম উদ্দীপনা সৃষ্টি হয়। এ কারণে গভীর রাতে ওয়াজ মাহফিলে শেষ পর্যন্ত মানুষের ঢল ছিল। সবশেষ আমটি বিক্রি হয় ৯৫০ টাকায়। সেই আম দেখতে অনেক উৎসুক মানুষ ছুটে এসেছেন।

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিএমএম বারি ডলার জানান, সারাদেশে আমের মুকুল এসেছে। অসময়ে রঙিন আম ফলনের ব্যাপারে আমার জানা নেই। তবে কয়েকদিন আগে ‘বারি-১৪’ নামের রঙিন আমের জাত জাতীয় নিবন্ধন বোর্ড অনুমোদন করেছে। এ আম অসময়ে পাওয়া সম্ভব না। রঙিন আমটি হয়তো বাইরের কোনো দেশের জাত হতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন