ইউপি নির্বাচন: সোনাইমুড়ীতে প্রিসাইডিং কর্মকর্তাকে আটক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ

সোনাইমুড়ীতে নৌকায় সিল মারার সময় এইচ এম কামরুজ্জামান নামে এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক এইচ এম কামরুজ্জামান নাটেশ্বর আবদুল্লাহর হাট ফাজিল মাদ্রাসার প্রভাষক।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল তাকে হাতে নাতে আটক করে।

পুলিশ সুপার আরো বলেন, আটক প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জের ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন