আসামি ধরতে গিয়ে রামগঞ্জের পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) বিকেলে মুরাদনগর উপজেলার চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত পুলিশ কর্মকর্তা এএসআই সাজ্জাদুল ইসলাম (৪১) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা।

তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় কর্মরত ছিলেন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

তিনি বলেন, বুধবার বিকেলে ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাকে বহন করা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সাজ্জাদুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৮টার দিকে তিনি মারা যান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন