আজ মাসুদের মন ভালো নেই
হাসান মাহমুদ শাকিল: লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের নির্বাচনের কারণে আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। এতে সারাদিন মন খারাপ করে দোকানের সামনেই বসে থাকতে দেখা যায় মাসুদুর রহমান মাসুদকে। মন খারাপের বিষয়টি তিনি নিজেও জানিয়েছেন।
জিজ্ঞেস করতেই মাসুদ বলেন, দোকানে প্রতিদিন ২-৩ হাজার টাকা বেচাবিক্রি হত। কিন্তু আজ দোকান বন্ধ রয়েছে। মনটা খুবই খারাপ। দোকান বন্ধ থাকলে উপার্জনও বন্ধ হয়ে যায়। সংসার খরচ চালাতেও হিমশিম খেতে হয়।
মাসুদ সদর উপজলা পরিষদ ভবনের পেছনে চা দোকানি ও লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার ঈমান আলির বাড়ির মৃত ফারুক হোসেনের ছেলে। প্রায় ৩৫ বছর ধরে উপজেলা পরিষদ এলাকায় চা দোকান দিয়ে তারা ব্যবসা করে আসছে। বাবা মারা যাওয়ার পরে সে নিজেই ব্যবসার হাল ধরে। মাসুদের সংসারে মা-ভাই, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) অধীনস্ত ইউসিসিএ লিমিটেডের সভাপতি ও সদস্য পদে নির্বাচন আয়োজন করা হয়। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে গোপন বুথে গিয়ে ভোট দিতে দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণের আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদ এলাকার সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।