আইপিএল শুরু হচ্ছে আজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ

আগের আসরের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়েই আজ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে চেন্নাই-কলকাতা। তবে এবার বদলে গেছে দুই দলেরই অধিনায়ক। শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কলকাতা। অন্যদিকে তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার কাঁধে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

অধিনায়কত্বের প্রথম ম্যাচটি অবশ্য সহজ হচ্ছে না জাদেজার জন্য। কেননা ইনজুরির কারণে তারকা পেসার দীপক হুদাকে লম্বা সময় এবং ভিসা জটিলতায় প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডার মইন আলিকে পাচ্ছে না চেন্নাই।

অবশ্য একই সমস্যায় পড়তে হবে আইয়ারকেও। অ্যালেক্স হেলসের বদলি হিসেবে নেওয়া অ্যারন ফিঞ্চ এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। ফলে টপঅর্ডার নিয়ে ভিন্ন চিন্তাই করতে হবে কলকাতাকে। পাশাপাশি কিউই পেসার টিম সাউদিও থাকছেন না আজকের ম্যাচে।

এখন পর্যন্ত আইপিএলে ২৭ বার মুখোমুখি হয়েছে চেন্নাই-কলকাতার। এরমধ্যে চেন্নাই জিতেছে ১৮টিতে। এদিকে কলকাতা জিতেছে ৮টি। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পরিসংখ্যান বিবেচনায় আজকের ম্যাচটি কলকাতার জন্য প্রতিরোধের। কেননা গতবার এই চেন্নাইয়ের কাছে হেরেই শিরোপার স্বপ্ন শেষ হয়েছিল শাহরুখ খানের দলের।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:

রুতুরাজ গাইকদ, রবি উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবাম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রাজবর্ধন হাঙ্গারেকার, ক্রিস জর্ডান/মহেশ থিকশানা ও অ্যাডাম মিলনে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:

ভেংকটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিং (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনিল নারিন, চামিকা করুনারাত্নে, শিবাম মাভি, ভরুন চক্রবর্তী ও উমেশ যাদব।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন