২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬১৭

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মে, ২০২০ ৩:১১ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৮৬ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৬১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জনে।

বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা  সুলতানা।

তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বকেই কাঁপিয়ে দিচ্ছে।এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন প্রায় অর্ধকোটি। মৃতের সংখ্যা সোয়া তিন লাখ ছাড়িয়েছে। তবে পৌনে ২০ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন