লক্ষ্মীপুরে রেশনিং পদ্ধতিতে শেখ মনি ফুড ব্যাংকের কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে লক্ষ্মীপুরে শেখ মনি ফুড ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া ব্যক্তিগত উদ্যোগে রেশনিং পদ্ধতিতে ফুড ব্যাংকটি চালু করেন। ৫০০ জন নারী-পুরুষের মাঝে ফুড ব্যাংকের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার দালাল বাজারে অসহায় নারী-পুরুষের মাঝে রেশন কার্ড ও খাদ্য সহায়তা বিতরনের মাধ্যমে ফুড ব্যাংকের কার্যক্রম শুরু হয়।

 

জানা গেছে, শেখ মনি ফুড ব্যাংক থেকে সদর, রামগঞ্জ, রায়পুরের বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন নারী-পুরুষ রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এরমধ্যে ৫ কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, তেল, পেঁয়াজ ও লবণ রয়েছে। প্রতি সপ্তাহে একবার করে কার্ডধারীদের খাদ্য সহায়তা দেওয়া হবে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় বায়েজীদ ভূঁইয়া করোকালীন অসহায়দের পাশে থেকে কাজ করছেন। খাদ্য সহায়তা ও অক্সিজেন সেবা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় শেখ মনি ফুড ব্যাংক চালু করে রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

 

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে সারাদেশে যুবলীগ মানবিক সংগঠন হিসেবে পরিচিত। করোনাকালীন আমার নিজ উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিনামূল্যে করোনা আক্রান্তদের অক্সিজেন সেবায় আমার টিম কাজ করছে। এসব কাজ অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন