লক্ষ্মীপুরে পদত্যাগপত্র জমার ৮ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করলেন বিএনপির ৩১ নেতা
নিজস্ব সংবাদদাতা :লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ জন বিএনপি নেতা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯ টার দিকে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনিয়ন বিএনপির আশ্বাসে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন তারা।
এর আগে দুপুর ১ টার দিকে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে ৩১ নেতার পদত্যাগ পত্র জমা দেন। জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ নেতা উপস্থিত হয়ে পত্রটি জমা দিয়েছেন।
যদিও উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে জমা নেননি। তিনি বলেন, আমরা কোন কর্মীকে হারাতে চায় না। আমি তাদের পদত্যাগ পত্রটি এমনিতে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি।
রাতে চররুহিতা এলাকায় প্রেস ব্রিফিং করে ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ পদত্যাগের আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তাদের দাবি, চররুহিতা ইউনিয়ন বিএনপির আশ্বাসে তারা পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহার করার ঘটনায় ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের জন্য আবেদন করেন।
চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। তাদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিমান ভেঙেছে। এখন তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
প্রসঙ্গত, পরকিয়া প্রেম করে এক বিবাহিত নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল পদ-পদবী থেকে অব্যহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ৬ মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তার বহিস্কারাদেশ প্রত্যাহার করেন সদর (পশ্চিম) উপজেলা কমিটি। বহিস্কারাদেশে উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।