যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইকবালের স্মরণ সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত কাজী ইকবালের ২১তম মত্যৃবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে স্মরণ সভার আয়োজন করা হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের বাড়িতে কাজী ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

কাজী ইকবাল ফাউন্ডেশনের সভাপতি কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু ও প্রধান বক্তা লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না এবং চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক পিংকু বলেন, কাজী ইকবাল জীবদ্দশায় লক্ষ্মীপুরে কৃতি সন্তান হিসেবে সারাদেশের যুব সমাজে আলো ছড়িয়েছেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন রত্নকে হারিয়েছি। তার শূন্যস্থান কখনো পূরণ হবে না।

প্রধান বক্তা নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, যুব রাজনীতিতে কাজী ইকবাল যুবকদের আইকন ছিলেন। তিনি লক্ষ্মীপুরবাসীর সম্পদ ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে লক্ষ্মীপুর একজন মেধাবী রাজনীতিবিদকে হারিয়েছে। লক্ষ্মীপুর নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন