মানবসেবায় গিয়ে বায়েজীদ- ফখরুল করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে ঘরবন্দি কর্মহীন মানুষদেরকে সহযোগীতা করতে গিয়ে লক্ষ্মীপুরে বায়েজীদ ভূঁইয়া ও ফখরুল ইসলাম নামে দুজন মানবসেবক করোনা সংক্রমিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ফখরুল ইসলাম করোনা পজেটিভ। তিনি এখন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে কোন করোনা উপসর্গ দেখা যায়নি। তিনি এখন সুস্থ্য আছেন।
ফখরুল লক্ষ্মীপুর জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবি ও সামাজিক বিভিন্ন কাজের সাথে জড়িত।তিনি উপজেলার ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের ছেলে ও চর লরেঞ্চ গ্রামের বাসিন্দা। গত কয়েকদিন উপজেলার বিভিন্ন গ্রামে ঘরবন্দি অসহায়দেরকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।এছাড়াও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ইফতার সামগ্রীও বিতরণ করেছেন ফখরুল। বিভিন্ন মানুষের সাথে মেশার কারনে করোনা সক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রবিবার (১০ মে) বায়েজীদ ভূঁইয়া করোনা পজেটিভ হয়। লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
বায়েজীদ লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের এপিএস। তিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে ঘরবন্দি কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে চাল পৌঁছে দিয়েছেন। এমপির পক্ষ থেকে সদর আসনের প্রতিটি ইউনিয়নে তিনি চাল পৌঁছে দেন ।এ কারনেই তিনি করোনা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তারা দুজনই মানবসেবক। সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর।