মাইজদী প্রধান সড়কে অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড, যানজটে নষ্ট হচ্ছে মূল্যবান সময়
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহর মাইজদী প্রধান সড়কের এক কিলোমিটারের মধ্যে ৬টি সিএনজি অটোরিকশা’র অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় শহরবাসী দুর্ভোগ পোহাচ্ছে।নোয়াখালী জেলা ট্রাফিক বিভাগে জনবল বাড়লেও বাড়েনি সেবার মান। মাইজদী বাজার থেকে সোনাপুর রাস্তায় আগের তুলনায় যানজট বেড়েছে। এ জন্য পৌরসভা ও প্রশাসনিক দায়িত্বহীনতাকেই দায়ী করছে বিভিন্ন মহল। জেলা সদর মাইজদীতে শুধু অভ্যন্তরীণ গাড়ি চলাচল করে বিধায় এখানে যানজট তেমন ছিল না। সম্প্রতি নানা অব্যবস্থাপনার কারণে মাইজদী বাজার থেকে বিশ্বনাথ পর্যন্ত পুরো শহরেই যানজট লেগে থাকে।
জেলা শহরের মাইজদী বাজার থেকে পৌরবাজার পর্যন্ত প্রধান সড়কের মাইজদী বাজার,কিরন হোটেলের সামনে রাস্তার দুই পাশে,মোহাম্মদীয়া হোটেলের রাস্তার পূর্ব পাশে,বড় মসজিদ মোড়ের গ্র্যান্ড হোটেলের সামনে রাস্তার দুইপাশে,নোয়াখালী সুপার মার্কেটের দক্ষিনে কাউয়া রোড়ে সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। একইভাবে সোনাপুর থেকে বিভিন্ন উপজেলায় চলাচলকারী সিএনজি অটোরিকশার আলাদা স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
বিভিন্ন স্ট্যান্ডের ১০ থেকে ১২ জন অটোরিকশা চালক বলেন, নির্ধারিত স্থান না থাকায় সড়কের পাশেই তাদের গাড়ি রেখে যাত্রী ওঠানামা করতে হয়। সড়কের পাশে গাড়ি রাখতে ঝক্কি-ঝামেলা এড়াতে ট্রাফিক পুলিশকে প্রতি মাসে গাড়ি প্রতি ১০০ টাকা করে দেওয়া হয়। এসব স্ট্যান্ডে অন্তত দুই হাজার গাড়ি তালিকাভুক্ত রয়েছে।
ট্রাফিক পুলিশের অভিযোগ, রাস্তার ওপর হকারদের ব্যবসা, পৌরসভার নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার না করা, সিএনজি অটোরিকশা কোনো স্ট্যান্ড না থাকায় যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের উঠিয়ে দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে আবার তারা রাস্তা দখল করে ফেলে।
জেলা শহরের লক্ষ্মীনারায়নপুর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, শহরে যানজটের কারণে প্রতিদিন মানুষ দুর্ভোগ পোহায়। অথচ এই সমস্যা সমাধানে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নোয়াখালী ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) মো. শাহনুর রহমান বলেন, প্রধান সড়কে অবৈধ সিএনজি অটোরিকশার স্ট্যান্ড স্থাপন করা হয়েছে কিনা আমি জানিনা। তবে আমরা ড্রাইভারদের সিএনজি অটোরিকশা গুলোকে সারিবদ্ধ ভাবে রাখতে বলি।
নোয়াখালী পৌরসভার মেয়র শহিদউল্ল্যাহ খান সময়ের আলোকে বলেন, শহরের অবৈধ সিএনজি অটোরিকশার স্ট্যান্ড স্থায়ী যানজট সমস্যায় পরিণত হয়েছে। তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সভায় সমস্যাটি তুলে ধরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলে জানান।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সময়ের আলোকে বলেন, শহরে এতো সিএনজি অটোরিকশা চলাচল করে যার কারণে যানজট তৈরী হচ্ছে। অবৈধ স্ট্যান্ড গুলো সরানোর জন্য সব বিভাগের সমন্বিত উদ্যোগ নিতে হবে।