ধর্ষকদের রক্ষা নাই, সর্বোচ্চ শাস্তি চাই: হানিফ সংকেত
দেশের টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ও সফল ব্যক্তিত্ব হানিফ সংকেত। দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এই প্রাণপুরুষ বরাবরই সমাজ সচেতনতার কাজ করে আসছেন। ইত্যাদি, নাটক, টেলিফিল্ম এবং বইয়ের মাধ্যমে তিনি সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান, একইসঙ্গে সংস্কারের পথও দেখিয়ে দেন।
সোশ্যাল মিডিয়াতেও সরব হানিফ সংকেত। তিনি তার ফেসবুক পেজ থেকে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য প্রকাশ করেন। এবার তিনি মুখ খুললেন চলমান ধর্ষণ ও নারী নির্যাতন ইস্যুতে।
হানিফ সংকেত প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ধর্ষণ নামক এক ঘৃণ্য সামাজিক ব্যাধি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ধর্ষণের শিকার হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত-বঞ্চিত হয়ে অসংখ্য নারী বেছে নিচ্ছেন আত্মহননের পথ। নারীদের উপর যারা এ ধরণের পাশবিক আচরণ করছে তারা মানুষ নামের অমানুষ। এদের মনুষ্যত্ব নেই, আছে পশুত্ব। আর এই পশুরা আমাদের মা, বোন, স্ত্রী, কন্যাদের সম্ভ্রমহানি করছে যেখানে সেখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অজপাড়া গাঁয়ের কোনো গৃহবধু, এমনকি শিশুরাও এই পশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলছে এদের ধর্ষণ সন্ত্রাস।
মানুষের প্রতি আহ্বান জানিয়ে হানিফ সংকেত লিখেছেন, আসুন সবাই মিলে এই ধর্ষকদের প্রতিরোধ করি। তুলে দেই আইনের হাতে। আর এদের ব্যাপারে দাবী একটাই, বিচারে দীর্ঘসূত্রীতার জটিল জট ভেঙ্গে দ্রততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা। ধর্ষকদের রক্ষা নাই, সর্বোচ্চ শাস্তি চাই। সোচ্চার হয়ে বলি সবাই, বন্ধ হোক ধর্ষণ, নারী মাতা, নারী বধু, কন্যা এবং বোন।