কিশোরগঞ্জে এক সঙ্গে ৪ সন্তানের মা হলেন লাকি আক্তার
দাম্পত্য জীবনের দীর্ঘ ১০ বছর পর এক সাথে ৪ সন্তানের মা হলেন লাকি আক্তার নামে এক নারী। বুধবার (০৬ এপ্রিল) কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ সন্তান জন্ম দেন তিনি। লাকি আক্তার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী।
জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে লাকি আক্তারকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। বুধবার দুপুরের দিকে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইসমত আরা অস্ত্রোপচার করেন লাকি আক্তারের। এক সাথে চার সন্তানের জন্ম দেন লাকি আক্তার। নবজাতকদের মধ্যে দুই জন ছেলে এবং দুইজন মেয়ে। চার নবজাতকের মধ্যে তিনজনের ওজন দুই কেজি করে। একজনের ওজন ৫০ গ্রাম কম। চার ভাই-বোন ভালো থাকলেও মা লাকি আক্তার ভালো নেই। লাকি আক্তারকে হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, এক সাথে জন্ম নেয়া চার শিশুকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন লোকজন। দাম্পত্য জীবনের ১০ বছর অপেক্ষার পর ৪ সন্তান এক সাথে পেয়ে ফয়জুর-লাকি দম্পতির পরিবারের সবাই খুশি।
হাসপাতালের শিশু বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার মোছা. মাহমুদা আক্তার জানান, নবজাতকগুলো সুস্থ আছে। তবে তাদের অসুস্থ মা আইসিইউতে আছে। নবজাতকদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে বলে জানান তিনি।