কমলনগরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘুদের ওপর হামলা, স্কুলশিক্ষক কারাগারে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘুদের ওপর হামলা, মারপিট ও হত্যাচেষ্টার মামলায় মোসলেহ উদ্দিন হেলাল নামে এক স্কুলশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মোসলেহ উদ্দিন হেলাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারিক হাকিম পলাশ বর্ধন জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। হেলাল উপজেলার দক্ষিণ চরকাদিরা এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি স্থানীয় পূর্ব চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আদালত সূত্রে জানা গেছে, কমলগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এলাকার যতন চন্দ্র দাসের ছেলে সমীর চন্দ্র দাসের সঙ্গে একই এলাকার মোশারফ হোসেনের বিরোধ চলছিল। এ ঘটনায় সমীর গত ৮ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিছ মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা শনিবার বিরোধপূর্ণ জমি পরিমাপ করতে যান।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোশাররফের ছেলে স্কুলশিক্ষক মোসলেহ উদ্দিন লোকজন নিয়ে সমীরের ওপর হামলা চালায়। এ সময় বাবাকে বাঁচাতে জুয়েল এগিয়ে গেলে তার ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা একপর্যায়ে বাপ-ছেলেকে বেধড়ক মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায়।

এতে তারা গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে সমীর বাদী হয়ে সোমবার কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আট আসামি বৃহস্পতিবার আদালতে হাজির হন। এ সময় বিচারক প্রধান আসামি মোসলেহ উদ্দিনের জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী সমীর চন্দ্র দাস বলেন, ‘মামলা দায়েরের পর থেকে আসামিরা বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছেন। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।’

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ‘সংখ্যালঘু ওই পরিবারকে নিরাপত্তা প্রদানে পুলিশ সজাগ রয়েছেন। সঠিক বিচার পেতে মামলাটি সুষ্ঠু তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন