ইসি থেকে ‘এনআইডি’ সেবা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২১ ১২:১৩ পূর্বাহ্ণ

আইনি কাঠামো চূড়ান্ত হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

 

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (বিধি ও সেবা অধিশাখা) শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাছে দিতে দুই তিন দিক থেকে কাজ চলছে। এটা পরিচালনার ক্ষেত্রে সুরক্ষা সেবার নিজস্ব আইন লাগবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে পরিবর্তন আনার প্রয়োজন আছে। রুলস অব বিজনেসেও বিষয়টি অন্তর্ভুক্ত করতে হচ্ছে।

 

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিংও এই প্রক্রিয়ার একটা অংশ। সেখান থেকে যে মতামত এসেছে, সে অনুযায়ী সুরক্ষা বিভাগ ও নির্বাচন কমিশনকে আইনের ব্যাপারে আরো কাজ করতে হবে। আইন যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে, একই সঙ্গে সুরক্ষা সেবা বিভাগেরও নতুন আইন লাগবে। আইনের সঙ্গে সমন্বয় করে অ্যালোকেশনটা পরিবর্তন করা হবে। আইনি কাঠামোটা দাঁড় করানো হচ্ছে।

 

যুগ্মসচিব বলেন, সুরক্ষা বিভাগের হাতে এনআইডি আসলে এর সঙ্গে আরো অনেক সেবা যুক্ত হবে। এখন ২৭টি সেবার সঙ্গে সংশ্লিষ্ট এনআইডি, আগামীতে এখানে শতাধিক সেবা ইন্টিগ্রেটেড হবে ক্রমান্বয়ে। এটার উপযোগী করে আইন করতে হবে।এখন আইনের কাজ সুরক্ষা বিভাগকে করতে হচ্ছে। নির্বাচন কমিশনও কাজ করছে। আমরা মাঝখান দিয়ে এটা সমন্বয় করছি।

 

তিনি বলেন, এনআইডি সেবা হস্তান্তরে একটা হলো আইনি কাঠামো, আরেকটি হলো টেকনিক্যাল, আরেকটি হলো জনবল বা লজিস্টিক- তিনটি ক্ষেত্রেই কাজ চলমান রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন