স্কুল মাঠে কাঁটা তারের বেড়ার প্রতিবাদ-অপপ্রচারে সংবাদ সম্মেলন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঁটা তারের প্রতিবাদ ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আমিন উল্যাহ হওলাদার এ সংবাদ সম্মেলন করেন। কাঁটা তারের বেড়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশতি সংবাদে তথ্যগত অপপ্রচারের অভিযোগ আনেন তিনি।

সংবাদ সম্মেলনে আমিন হাওলাদার দাবি করেন, ২০০১ সালে আমিসহ স্থানীয় আবুল বাশার নামে এক ব্যক্তি জমি দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। ২০২০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। এরপর থেকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় আব্দুল আলীর কাছ থেকে মৌখিকভাবে ১৭ শতাংশ জমি (এ্যাজবন্টক) নেওয়া হয়। এর বিনিময়ে তার বাড়ির পাশে তাকে ১২ শতাংশ জমি ক্রয় করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই জমি ক্রয় করা হয়, কিন্তু জমা খারিজ করতে না পারায় জমিটি আব্দুল আলীকে রেজিষ্ট্রি করে দেওয়া যায়নি। তবে ২০০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জমিটি আলীর দখলেই রয়েছে। কিন্তু তিনি সম্প্রতি বিদ্যালয়ের মাঠের একপাশে কাঁটা তারের বেড়া দিয়ে জমিটি দখল করে নিয়েছেন।

এদিকে দুটি জমিই এখন আব্দুল আলীর দখলে। কাঁটা তারের বেড়া দিয়ে আলী মাঠ দখল করে এখন বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিন হাওলাদার ও সাবেক প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে অপপ্রচার করছে। আলী জোরপূর্বক জমিতে খুঁটি লাগিয়ে কাঁটা তারের বেড়া দিয়েছে। এছাড়া তাকে মারধরের মিথ্যা অভিযোগও তুলেছে।

এ বিষয়ে দ্রুত সরেজমিন তদন্তের মাধ্যমে কাঁটা তারের বেড়া সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন আমিন উল্যাহ হাওলাদার।

সংবাদ সম্মেলনের আগে আব্দুল আলী জানান, জমি মৌখিকভাবে বন্টন করা হলেও এখনো তাকে রেজিষ্ট্রি দেওয়া হয়নি। তার কাছ থেকেও বিদ্যালয়ের জন্য দেওয়া জমি রেজিষ্ট্রি নেয়নি। রেজিষ্ট্রির কথা বললে আমিন হাওলাদার তাকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়েই তিনি মাঠে বেড়া দিয়েছেন।

প্রসঙ্গত, ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মধ্যে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে নতুন করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল আলীর বিরুদ্ধে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন