বিএনপি নেতার ঘরে দুর্বৃত্তদের আগুন, এ্যানি চৌধুরীর তীব্র নিন্দা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতা বেলাল চৌধুরীর বসতঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক কন্যাশিশু নিহত হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর সদর আসনের এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার দুপুরে এক শোক বার্তায় এ্যানি বলেন, মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের সুতার গোপটা এলাকায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে বিএনপি নেতা বেলালের শিশু কন্যার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও গভীর শোক প্রকাশ করছি। নিহত শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান তিনি।

প্রসঙ্গত: ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনসেট বসতঘরের দুই দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।
আগুনে বেলাল চৌধুরীর আট বছর বয়সী কন্যা আয়েশা আক্তার সানজু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় তার আরও দুই মেয়ে—সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪) গুরুতর দগ্ধ হয়। এছাড়া বেলাল চৌধুরী নিজেও আহত হন। নিহত আয়েশা আক্তার সানজু ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির ছাত্রী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন