মুক্তিযুদ্ধের চেতনায় একদলীয় নির্বাচন ছিল না : বিএনপি নেতা হাছিব
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান হাছিব বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে নেতৃত্ব দেবে ছাত্রদল। সেই যুদ্ধে ৭১ সালের মতোই আমরা বিজয়ী হবো। একদিকে শাসক শ্রেণি ক্ষমতায় থেকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পাঁয়তারায় লিপ্ত। আরেকদিকে বিএনপিসহ গণতন্ত্রকামী মানুষ এ নির্বাচন বর্জন করছে। এ নির্বাচন বন্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে চলেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় একদলীয় নির্বাচন ছিল না। ক্ষমতায় থেকে খেয়াল খুশিমতো নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনায় ছিল না।
সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আয়োজিত মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। পরে মিছিলটি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুর শহরের পুরাতন গোহাটা এলাকার বাসা থেকে গোডাউন রোড গিয়ে শেষ হয়। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাদের মুক্তির দাবি জানিয়ে ভোট বর্জনসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
বিএনপি নেতা হাছিব আরও বলেন, পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ভোগলিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা ও বাক স্বাধীনতাসহ সকল ক্ষেত্রে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। আজ আমাদের সেই স্বাধীনতার মূল্যবোধ কোথায়? আমরা শুধুমাত্র একখন্ড মানচিত্র পেয়েছি। কিন্তু পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারিনি। যেটুকু স্বাধীনতা আমরা পেয়েছি, এ আওয়ামী লীগ বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতাকে ভুলুন্ঠিত করা হয়েছে। বিগত ১৫ বছর এ স্বৈরশাসনের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি। সেই লড়াই সংগ্রাম এ জানুয়ারি মাসেই সমাপ্ত হবে।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মামুনুর রশিদ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন প্রমুখ।