আম্ফানের মত শক্তি নিয়ে বঙ্গে আছড়ে পড়তে চলেছে ‘ইয়াস’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ মে, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ

অবশেষ ‘ইয়াস’-এর গতিপথ স্পষ্ট করল আবহাওয়া দফতর। ভারতের পশ্চিমবঙ্গের উপকূলেই ধেয়ে আসছে বছরের দ্বিতীয় সাইক্লোন ‘ইয়াস’। আগামী ২৬ মে বিকেলে রাজ্যের উপকূলে সেই ঝড় আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ‘ইয়াস’-এর শক্তিও হবে আম্ফানের মতোই। বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপ তীব্র থেকে তীব্রতর হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

আজ, শুক্রবার আবহাওয়া অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে ২২ মে অর্থাৎ আজ সকালে তৈরি হয়েছে সেই নিম্নচাপ। এটি ক্রমশ এগিয়ে যাবে উত্তর ও উত্তরপশ্চিম দিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেই নিম্নচাপ আগামী ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ‘অতি তীব্র’ ঘূর্নিঝড়ে পরিণত হবে। ২৫ তারিখ সন্ধ্যা থেকে কখনও হালকা থেকে মাঝারি কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উপকূলীয় জেলা ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সময় অন্তর বাড়বে বৃষ্টির পরিমান। ২৫ তারিখ সন্ধ্যায় ওই অঞ্চলে হাওয়ার গতি থাকবে সর্বোচ্চ ৭০ কিলোমিটার। ২৬ তারিখ সকালে গতি বাড়িয়ে ঝড় ক্রমশ এগিয় আসবে বাংলা ও ওড়িশার উপকূলের দিকে।

আম্ফানের স্মৃতি এখনও টাটকা। তারমধ্যেই বাংলার বুকে ‘ইয়াস’-এর হাতছানি। ভয়ে ত্রস্ত উপকূলবর্তী এলাকার মানুষ। দক্ষিণ ২৪ পরগনাতে প্রায় তিন লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। করোনা হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ ঠিক অতিরিক্ত পরিমাণে জেনারেটর রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। সেই সঙ্গে অস্থায়ী ক্যাম্প বানানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যেই উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই সাইক্লোন নিয়ে উপকূলবর্তী জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলাগুলিকে সতর্ক করেন। শুকনো খাদ্য মজুত রাখার নির্দেশ দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন