নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে কলেজে চুরি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০১৮ ১০:১০ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নৈশ্যপ্রহরী মানিক চন্দ্রকে বেঁধে রেখে চুরির ঘটনা ঘটেছে। তবে তা রহস্যজনক বলে ধারণা করছেন স্থানীয়রা।

কলেজের অধ্যক্ষের দাবী, ভবনের দ্বিতীয়তলার জানালা ভেঙ্গে ২টি ল্যাপটপ, ১টি মনিটর ও নগদ ২৯ হাজার ৭শ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনার কিছুদিন পূর্বে থেকেই ওই কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিনের বিরুদ্ধে ভাউচার জালিয়াতি, টেন্ডার বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে, এ ঘটনায় অধ্যক্ষের যোগসাজশ থাকতে পারে বলে অনেকেই ধারনা করছেন।

বুধবার (১০ জানুয়ারী) দুপুরে এ ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) আনোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের আবিনগর নুড়িগাছ তলা এলাকার ওই কলেজ এ চুরির ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন জানান, ভোকেশনাল নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি শেষে রাতে কলেজে তালা লাগিয়ে বাসায় চলে জানান তিনি। গভীর রাতে চোরেরদল নৈশ্যপ্রহরী মানিককে বেঁধে ভবনের দ্বিতীয় তলার জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা অফিস কক্ষে থাকা ২টি ল্যাপটপ, ১টি মনিটর ও নগদ ২৯ হাজার ৭শ টাকা চুরি করে নিয়ে যায়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করে যায় চোরেরা। পরে সকালে কলেজে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন অধ্যক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন