সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য করা ৬ জন শনাক্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২০ ১:২৮ অপরাহ্ণ

ফেসবুকে পোস্ট করা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারী ছয় জনকে শনাক্ত করেছে সাইবার পুলিশ। তাদের আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক টিম।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম  বলেন, শনাক্ত হওয়া আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সম্প্রতি সাকিব আল হাসান তার ফেসবুক পেইজে তার বড় মেয়ের একটি ছবি পোস্ট করেন। সূর্যমুখী বাগানের মধ্যে তোলা হাস্যোজ্জ্বল ওই ছবিতে বেশ কয়েকজন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরফলে পেইজ থেকে ছবিটি সরিয়ে ফেলেন সাকিব।
সাইবার পুলিশের সদস্যরা জানান, এ ধরনের মন্তব্য করা ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে অপরাধ। যারা এই কাজটি করেছেন তাদের আটকের চেষ্টা চলছে। এর বাইরে যারা বিভিন্ন মানুষের পোস্টে বাজে বা আপত্তিকর মন্তব্য করেন তাদের জন্য এটা হুঁশিয়ারি।
তিনি আরও বলেন, ‘আমরা সবার জন্য সাইবার জগৎ নিরাপদ রাখতে চাই। এজন্য আমাদের টিম সার্বক্ষণিকভাবে সাইবার পেট্রোলিং করে থাকে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন