রামগঞ্জে ৪ গ্রামের অসহায়রা পেল আপন আলো ফাউন্ডেশনের ইফতার
রামগঞ্জ সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জে মরণব্যাধি করোনাভাইরাসে বিপদগ্রস্থ কর্মহীন হয়ে পড়া ৩১০ পরিবারকে আপন আলো ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লামচর ইউনিয়নের ৪ টি গ্রামে অসহায় মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সূত্র জানায়, আপন আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের সহযোগীতায় ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে লামচর ইউনিয়নের রসুলপুর, কালিকাপুর, কাশিমনগর ও দাসপাড়া গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ৩১০ পরিবারকে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণে অংশ নিয়েছেন লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না, স্থানীয় বাসিন্দা হোসেন আহমেদ, আখতার হোসাইন ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, মহসিন আউয়াল, মঞ্জু ভূঁইয়া, আতিকুর রহমান মাসুদ, সিরাজুল ইসলাম ও ছানা উল্যা প্রমুখ।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিজানুর রহমান বলেন, যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। খাবার সংকটে কেউ যেন ক্ষুধার্ত না থাকে, সেজন্য যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধ্যমতো ইফতার সামগ্রী বিতরণ করেছি। সবসময় আমরা সমাজের অসহায় মানুষের পাছে আছি।