লক্ষ্মীপুরে ৮ ঘন্টায় পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ৮ ঘন্টায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে কমলনগরে ২ ও রায়পুরে এক শিশু মৃত্যু হয়। শনিবার (৯ মে) সকাল ৭ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ এলাকার মো. ইসমাইলের ছেলে রাকিব হোসেন (২) খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। বিকেল ৩ টার দিকে একই উপজেলার চরলরেন্স এলাকার মো. বিপ্লবের মেয়ে মাহি আক্তার (২) খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে দুই শিশুকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম আহসান উল্যা হিরন বলেন, পুলিশের সঙ্গে কথা বলে মৃত শিশুদের মরদেহ দাফন করা হয়েছে।
এদিকে রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের ব্যবসায়ী ইসমাইল মুন্সির মেয়ে সাবিহা আক্তার (৩) বাড়ির পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। সেহরী খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যায়। সকাল ৭টার দিকে বাড়ির পুকুরে শিশুর দেহ ভেসে উঠে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, পুলিশের সঙ্গে কথা বলে সকাল ১০টার দিকে শিশুর মরদেহ দাফন করা হয়েছে।