লক্ষ্মীপুরে স্কুলছাত্রকে ইট দিয়ে পেটানোর অভিযোগ
লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে অন্তর হোসেন নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করে আহত করেছে তার জেঠাতো ভাইরা। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে হামলাকারীরা বসতঘরে তালা লাগিয়ে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
আহত অন্তর শহীদ শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গতকাল শনিবার সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের মমিনুল হক মাস্টারবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে অন্তরের বাবা (প্রতিবন্ধী) জিল্লুর রহমান ও জেঠা শাহজাহানের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে তিন দিন আগে অন্তরের বড় বোন সামিয়া আফরোজ পিংকিকেও এলোপাতাড়ি মারধর করে আহত করে তার জেঠা শাহজাহান ও জেঠাতো ভাই ফখরুল, ফারুক ও তাদের বোনের জামাই হাসান।
আহত পিংকিও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। পিংকি লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স শেষ পর্বের পরীক্ষা দিচ্ছেন। এ ঘটনায় আহত পিংকি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে উত্তেজিত হয়ে সকালে তার ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান তারা।
আহতের স্বজনরা জানান, সকাল ৬টার দিকে অন্তর ঘুম থেকে উঠে দোকানে নাশতা করতে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা ফখরুল, ফারুক ও তাদের বোনের জামাই হাসান পথরোধ করে অন্তরকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে ইট দিয়ে আঘাত করে অন্তরের মাথা ফাটিয়ে দেয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি জমিসংক্রান্ত বিরোধে একটি মারামারি হয়। তখন অন্তরের পরিবারের পক্ষ থেকে থানায় একটা লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি তদন্তাধীন।’