রোজা রেখে দুই কৃষকের ১৩৫ শতাংশ জমির ধান কাটলো ছাত্রলীগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মে, ২০২০ ৮:২২ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের  রামগঞ্জে রোজা রেখে স্বেচ্ছাশ্রমে দুইজন কৃষকের প্রায় ১৩৫ শতাংশ জমি ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী। এসময় ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেওয়া হয়।

উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে গত দুইদিন ধরে এ কার্যক্রম চলেছে। করোনার কারণে শ্রমিক সংকট এবং ঝড়-বৃষ্টির আশঙ্কায় কৃষকরা কষ্টের ধান ঘরে তুলতে না পারায় উদ্বিগ্ন ছিল। ছাত্রলীগের হাত ধরে তাদের সেই ভীতি কেটেছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার নোয়াগাঁও ইউনিয়নেরর ৩ নম্বর ওয়ার্ডের কৃষক মো. সেলিম মোস্তানের ৯০ শতাংশ এবং শুক্রবার ২ নম্বর ওয়ার্ডের কৃষক মো. শাহ আলমের ৪৫ শতাংশ জমির ক্ষেত থেকে ধান কেটে দেওয়া হয়। এসময় ধান মাড়াই শেষে মাথায় করে কৃষকদের ঘরে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সাংঠনিক সম্পাদক শেখ রাহান, ছাত্রলীগ নেতা শাওন, আরমান, আরিফ রাকিব, মো. ফয়সাল, সাইফুল ইসলাম, মানিক, হাসান ও আনিসসহ দলীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন জুয়েল বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের নির্দেশে আমরা স্বেচ্ছাশ্রমে রোজা রেখে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি। করোনাভাইরাস ছাড়াও যে কোন দূর্যোগে আমরা কৃষকদের পাশে আছি, থাকবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন