রায়পুরে কৃষকের ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলে দিলেন যুবলীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২০ ১:৫৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে পাকা ধান কেটে মাড়াই করে কৃষকের গোলায় তুলে দিলেন যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরমোহড়া গ্রামের আবদুল মোতালেবের ৩০ শতাংশ জমির ধান কেটে দেয় তারা।

 

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনির নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করে। সেই ধান মাড়াই করে কৃষকের গোলায়ও তুলে দেন তারা।

 

দলীয় সূত্র জানায়, করোনা সংকট নিরসনে যুবলীগ নেতা জনি ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দি থাকা কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তার এই কাজ এখনো অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও জেলা যুবলীগের অনুপ্রেরণায় জনির নেতৃত্বে কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে। যারা শ্রমিক ও টাকার অভাবে ধান কাটাতে পারবেন না তাদের সহযোগীতায় যুবলীগের নেতাকর্মীরা কাজ করবেন। এই মহতি কাজে স্থানীয় ছাত্রলীগের নেতারাও হাত লাগিয়েছেন। জনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

জানতে চাইলে যুবলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষ গৃহবন্দি। এতে কৃষকরা ধান কাটতে হিমসিম খাচ্ছে। তাই আমি নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন