মিয়ানমারে ‘উন্মুক্ত কারাগারে’ বাস করছেন রোহিঙ্গারা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২০ ১২:৫৬ অপরাহ্ণ

মিয়ানমারের শরণার্থী শিবিরে থাকা প্রায় ১ লাখ ৩০ হাজার রোহিঙ্গা ‘নোংরা এবং আপত্তিজনক’ পরিস্থিতিতে বসবাস করছেন বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটি বলা হয়। প্রতিবেদনে অবিলম্বে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার সরকারের স্বেচ্ছাচারিতা এবং অনির্দিষ্ট সময়ের জন্য তাদের আটক করে রাখা বন্ধের আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য তৈরি শরণার্থী শবিরগুলো উন্মুক্ত কারাগারের মতো।

শরনার্থী শিবিরে বাস করা ৬০ জনের বেশি রোহিঙ্গার সাক্ষাতকার নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এদের মধ্যে একজন রোহিঙ্গা শরনার্থী বলেন, এই ক্যাম্প আমাদের বসবাসের জন্য উপযুক্ত নয়।

২০১৭ সালের আগে মিয়ানমারের প্রায় ১০ লাখের মতো রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী বসবাস করতেন। প্রজন্মের পর প্রজন্ম ধরেই তারা সেখানে বাস করে আসছিলেন। কিন্তু মিয়ানমার সরকার তাদেরকে প্রতিবেশী বাংলাদেশি হিসেবে বিবেচনা করে । ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে সেনা অভিযান চালালে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেন। এর আগে ২০১২ সালেও রাখাইনে সংঘর্ষের সময় প্রায় আড়াই লাখের বেশি রোহিঙ্গা রাখাইন ত্যাগ করেন। তখন প্রায় এক লাখ রোহিঙ্গা মিয়ানমারে শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন