‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ মে, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘করোনার কারণে প্রায় দুই মাস ধরে ঘরে বন্দি আমরা নদী ভাঙা অসহায় মানুষগুলো। কেউ আমাদের কোন সহযোগিতা করেনি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক’।

রোববার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর উপহার দুই হাজার অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এসময় খাদ্যসামগ্রী হাতে পেয়ে বৃদ্ধ তাজুল ইসলাম, শামছুল হক ও বৃদ্ধা মনতাজের নেছা প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

এসময় আল্লাহর কাছে প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখার দোয়া করে ৭৫ বছরের বৃদ্ধ তাজুল ইসলাম জানান, প্রায় ৩ বছর আগে মেঘনা নদীর ভাঙনে তার ভিটেমাটি সব বিলীন হয়ে যায়। আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে তার বাড়ি ছিল। এখন সব হারিয়ে তিনি সন্তানদের নিয়ে চরআলগি ইউনিয়নের আলগি গ্রামে অন্যের জমিতে ঘর করে দিনযাপন করছেন। তার দুই ছেলে চার মেয়ে। বড় ছেলে বিয়ে করে ১০ বছর হয়ে ছেড়ে চলে গেছে। কোন খোঁজ খবর নেয় না। ছোট ছেলে কোনরকম সংসার চালাতো। করোনার কারণে গত দুইমাস কাজ বন্ধ হয়ে অনেক কষ্টে সংসার চলছে। প্রধানমন্ত্রীর উপহারটিই প্রথম কেউ দিয়েছে। এরআগে কেউ কোন সহযোগিতা করেনি।

একই ধরণের আক্ষেপ জানিয়েছেন বৃদ্ধ শামছুল হক ও বৃদ্ধা মনতাজের নেছা। এদিকে খাদ্য সামগ্রী না পাওয়ায় মো. রাসেদ নামে এক প্রতিবন্ধিকে নগদ অর্থ দিয়েছেন চেয়ারম্যান মো. শাহজাহান।

জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের মাঝে ৭৫ লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগে নেয়া হয়। এতে ১০ হাজার চাল, ডাল, তেল, ছোলা ও শিশু খাদ্যসহ ৮টি পন্যকে প্যাকেটজাত করা হয়েছে। ক্রমান্বয়ে জেলা সদর, রায়পুর, রামগঞ্জ ও কমলনগর উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ কোন মানুষ যেন না খেয়ে থাকে। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর খাবার ব্যবস্থা নিশ্চিত করতে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর উপহার ১০ হাজার অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছানো হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন