ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:১০ অপরাহ্ণ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ মাসের এক শিশুসহ দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর তানিশার (২০ মাস) বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গাজার এলাকায়।

ওই শিশুর মা নাসরিন আক্তার (৩০)আহত হয়ে ফেনীর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। তারা মা-মেয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরের কচুয়ার বাড়িতে যাচ্ছিলেন।

অপর দিকে একইদিন রবিবার ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় অপর এক নারী (৫০) মারা গেছে। তার নাম পরিচয় জানা যায়নি।

শিশু ও ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর মাদ্রাসা রোডের মাথা নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাকা সড়কের গর্তে পড়ে উল্টে যায়। এসময় এক শিশু ও তার মাসহ ৮জন আহত হয়।

ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পর শিশুটি মারা যায়। তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি জানান, মহাসড়কের ফতেপুর রেলওয়ে ওভারপাস এলাকায় অজ্ঞাত গাড়ির চাপা পড়ে একজন অজ্ঞাত নারী নিহত হয়েছে। তাঁর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন