টি-টোয়েন্টি দলে ফিরলেন সরফরাজ-আমির
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও ওপেনার ফখর জামান। ১৭ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজও। এছাড়া প্রথমবারের মত দলে সুযোগ হয়েছে তরুণ পেসার নাসিম শাহ ও ব্যাটসম্যান হায়দার আলীর।
বাবর আজমকে অধিনায়ক রেখে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক। এ বছরের শুরুতে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলা দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে খেলা সিরিজের দল থেকে বাদ পড়েছেন আহসান আলী, আহমাদ বাট, মোহাম্মদ মুসা ও উসমান কাদির। আহসান দুই ম্যাচ খেললেও শেষের তিনজন না খেলেই বাদ পড়েছেন।
তাদের পরিবর্তে দলে ফিরেছেন সরফরাজ, রিয়াজ, আমির ও জামান। গত অক্টোবরে লাহোরে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সরফরাজ। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারান তিনি। এরপর এবারই প্রথম ছোট ফরম্যাটে ফিরলেন। অবশ্য দলে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে পাকিস্তানের প্রথম পছন্দ রিজওয়ানই। তাই একাদশে সুযোগ পেতে লড়তে হবে সরফরাজকে।
গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন আমির-রিয়াজ-জামান। দ্বিতীয় সন্তানের বাবা হবেন বলে সফরের শুরুতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আমির। বাবা হওয়ার পর পরবর্তীতে দলে ফেরার আগ্রহ দেখান আমির। সরফরাজের সাথে দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে। এছাড়া পিএসএলে তৃতীয় সর্বোচ্চ রান করা শান মাসুদও দলে আছেন। ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৫৬ রান করেছিলেন তিনি।
এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ পেতে পারেন নাসিম ও হায়দার। পিএসএলে দারুণ পারফরমেন্স করে দলে জায়গা করে নিয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। আর টেস্টে অভিষেকের পর থেকে ঝলক দেখাচ্ছেন ১৭ বছর বয়সী পেসার নাসিম। তবে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে তার শিকার মাত্র ২ উইকেট। এবার টি-টোয়েন্টিতে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন নাসিম। আগামী ২৮ অগাস্ট ম্যানচেষ্টারে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ অগাস্ট ও ১ সেপ্টেম্বর।