জেলহাজতে এহসানুল হক মিলন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ

বিএনপি-জামায়ত জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে তিন মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।  শুক্রবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক মোহাম্মদ হাকিম শফিউল আজম এ আদেশ দেন।

মিলনের বিরুদ্ধে  হত্যা, হত্যা চেষ্টা, ছিনতাই এবং চাঁজাবাজিসহ মামলা মোট ২৫টি রয়েছে। এর মধ্যে পুলিশ আজ শুক্রবার মিলনকে ২০০৬ সালে একটি হত্যা, ২০১০ সালে একটি হত্যা চেষ্টা এবং ২০১১ সালে একটি চাঁদাবাজি মামলায় শ্যোন এরেস্ট দেখায়। এ সময় আদালতে এসব মামলার নথি উপস্থাপিত না হওয়ায় বিচারক মোহাম্মদ শফিউল আজম মিলনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মিলনের আইনজীবী কামরুল ইসলাম জানান, তাঁর মোয়াক্কেল যেহেতু অসুস্থ। তাই আদালতের কাছে সুচিকিৎসার জন্যও আবেদন করা হয়েছে। তিনি আরো জানান, আগামী রবিবার মিলনের জামিনের বিষয়ে শুনানি করতে আদালতে পৃথক আরেকটি আবেদন করা হয়েছে।

 

কামরুল ইসলাম জানান, মিলনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সবগুলোই রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ের করা হয়। এর আগে ভোর রাতে চট্টগ্রামের একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় এহসানুল হক মিলনকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ দল। পরে সকাল সাড়ে আটটায় চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ২০১১ সালে কয়েকটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইতে গিয়ে মিলন গ্রেপ্তার হন। পরে প্রায় দুই বছর জেল খেটে জামিনে মুক্ত হন। ২০১৪ সালের নির্বাচনের কয়েকদিন আগে মিলন বিদেশে পাড়ি দেন। দীর্ঘ প্রায় ৫ বছর দেশের বাইরে থাকার পর গত কয়েকদিন আগে তিনি দেশে ফিরে চট্টগ্রামে তাঁর এক বন্ধুর বাসায় আত্মগোপন করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন