জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
নিজের ৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চান।
তিনি বলেন, যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি। আমার কাছ থেকে বাংলাদেশের মানুষের যেন উপকারই হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারি। বাংলাদেশের মানুষ যেন বিশ্বদরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওইটুকুই আমার প্রচেষ্টা আর কিছু না। নইলে বাবা-মা সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে এই দেশে এসে কাজ করা, এটা খুবই কঠিন কাজ। তারপরও শুধু একটা কথা চিন্তা করেছি- যে দেশটাকে আমার বাবা এত ভালোবেসেছেন, যে দেশের মানুষকে। তাদের জন্য কিছু করে আমাকে যেতে হবে। তার স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে সেটি যেন পূর্ণ করতে পারি।
দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তার পরও যত বাধাবিঘ্ন আসুক সেটি অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এ জন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।