গাবতলী-গোলাবাড়ী সড়কের পাশে জিয়া অরফানেজ ট্রাস্ট
বিশেষ প্রতিনিধি, মোহনানিউজ: বগুড়ার গাবতলী-গোলাবাড়ী আঞ্চলিক সড়কের পাশে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’। বগুড়ার গাবতলী উপজেলায় দাঁড়াইল মৌজায় স্থানীয়দের কাছ থেকে প্রায় ৯ বিঘা জমি কেনা হয় এ ট্রাস্টের নামে। ওই জমির পাশেই তরফ সরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি সাইনবোর্ড দেখা গেল। তাতে লেখা ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’।
জানা গেছে, ১৯৯৩ সালের ডিসেম্বরে এই প্রতিষ্ঠানের নামে বগুড়ার গাবতলী উপজেলায় দাঁড়াইল মৌজায় স্থানীয়দের কাছ থেকে প্রায় ৯ বিঘা জমি কেনা হয়। তৎকালীন বিএনপির সংসদ সদস্য, বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির নেতা হেলালুজ্জামান তালুকদার লালু এই জমি কেনেন।
ট্রাস্টের নামে ওই সময় চার লাখ টাকা তুলে এই ৯ বিঘা জমি ১২-১৩ জন মালিকের কাছ থেকে কেনা হয়। তবে জমিতে অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত জমির মালিকরা তা ভোগ করতে পারবেন- এমন চুক্তি ছিল। পাশাপাশি প্রতিষ্ঠানে কার্যক্রম চালু হলে জমির মালিকদের যোগ্য সন্তানরা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাবেন বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।
জানা গেছে, স্থানীয় একজন বাসিন্দা ওই জমি বছরে এক লাখ টাকায় পত্তন নিয়ে চাষাবাদ করছেন। তিনি বলেন, তার মামা আব্দুল গফুর, বেল্লাল হোসেন, মোফা, আয়েজ উদ্দিন, রকিবুল্লাহর কাছে থেকে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু প্রায় ৮৭ শতাংশ জমি প্রতি শতক ১০০০ টাকা হিসেবে কেনেন।
তরফ সরতজা গ্রামের আব্দুল মালেক, আব্দুস সালেক, ধামাচাপা গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল আজিজসহ একাধিক ব্যক্তি জানান, বাকি জমি হিরণ, লক্ষ্মী সরকার, রবি, করিম মন্ডল, মজিবরসহ অন্যদের কাছ থেকে একই দামে কেনা হয়।