করোনায় পুলিশের ৬৯ সদস্যের মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে ৬৯ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশে আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ২৩০ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশ সদস্য রয়েছেন ২ হাজার ৭৯৪ জন।
পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে, এ পর্যন্ত আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪০ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৮৬ জন পুলিশ সদস্য।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এআইজি মো. সোহেল রানা বলেন, ‘প্রথম দিকে কোনো সুরক্ষা সামগ্রী কিংবা কোনো প্রস্তুতিই ছিল না। তাই করোনার শুরুতে পুলিশের অনেক সদস্য আক্রান্ত হন।’
তিনি জানান, আইজিপির নির্দেশনায় সারা দেশে দ্রুততম সময়ে ২ লাখ পুলিশ সদস্যের জন্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে মাস্ক, গ্লাভস, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে সারা দেশে সবমিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬১ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।