এবার ‘০’তে এলেন মাশরাফি!
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে যাঁরা একটু-আধটু খবর রাখেন, তাঁরা নিশ্চয়ই মাশরাফি বিন মুর্তজার জার্সির নম্বরও অবগত। জাতীয় দল কিংবা ঘরোয়া আসর, সব খানেই ‘২’ নম্বর জার্সি পরে মাঠে নামতেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের উদ্বোধনী দিনে নড়াইল এক্সপ্রেস মাঠে নামলেন জার্সি নম্বর বদল করে। অনেকেই মাশরাফির জার্সি নম্বর দেখে নিশ্চয়ই কিছুটা বিস্মিতও হয়েছেন, তিনি ‘০’ নম্বর জার্সি পরে রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামেন।
হঠাৎ কী কারণে মাশরাফি তাঁর জার্সির নম্বর বদল করলেন তা জানা যায়নি। অবশ্য ক্যারিয়ারের শুরুতে তাঁর জার্সির নম্বর ছিল ‘২০’। মাঝখানে ‘০’ সরিয়ে ‘২’ নম্বরে গিয়েছিলেন, এবার ‘২’ সরিয়ে ‘০’ তে এলেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক।
বিপিএলে গত দুই মৌসুমে তিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে, দল বদল করে এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। দলবদলের পাশাপাশি জার্সির নম্বর বদল করে তিনি কতটুকু সাফল্য পান, সেটা এখন দেখার বিষয়।
অবশ্য বিপিএলের সবচেয়ে সফল খেলোয়াড় বলা হয়ে থাকে মাশরাফিকে। এর আগে ঢাকার হয়ে দুবার এবং কুমিল্লার হয়ে একবার বিপিএলের শিরোপা জিতেছিলেন। এবার কি পারবেন রংপুরকে জেতাতে?-এনটিভি