২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত আমির এআর হাফিজ উল্লাহ শপথ নিয়েছেন। আগামী দুই বছরের জন্য আমির হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। এরমধ্য দিয়ে ২৩ বছর পর জেলায় জামায়াত নতুন আমিরের পদে নেতৃত্ব এলো।

 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের জেলা জামায়াতের অফিসের সামনে রুকন সম্মেলন ও শপথ অনু্‌ষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নতুন আমির হিসেবে হাফিজ উল্লাহকে শপথ বাক্য পাঠ করিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম। শপথ বাক্য পাঠের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম।

 

প্রধান অতিথি এটিএম মাছুম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে মহানগর ও জেলাগুলোতে জামায়াতের আমির নির্বাচন হয়। সারাদেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী ২ বছরের জন্য লক্ষ্মীপুরে হাফিজ উল্লাহ আমির নির্বাচিত হয়েছেন। গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭৭টি শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।

‎

‎‎প্রসঙ্গত, নতুন আমির হাফিজ উল্লাহ এরআগে সদ্য বিদায়ী জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। এর আগে টানা ২৩ বছর জেলা জামায়াতের আমির ছিলেনে রুহুল আমিন ভূঁইয়া।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন