সারাদেশে নির্বাচনি সহিংসতায় নিহত ১১

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে (ইউপি) ভোট গ্রহণকে কেন্দ্র করে সহিংসতায় সারাদেশে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি) বগুড়ায় ৪ জন, চাঁদপুরে ২ জন ও চট্টগ্রাম, মানিকগঞ্জ, গাইবান্ধা, ঝিনাইদহ ও নওগাঁয় নির্বাচনি সহিংসতায় ১ জন করে মোট ১১ জনের মৃত্যু হয়েছেন।

এদের মধ্যে, বুধবার (৫ জানুযারি) সন্ধ্যায় বগুড়ার গাবতলীতে কালাই হাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা মার্কার কর্মী সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংর্ঘষে গুলিতে নারী মেম্বারপ্রার্থীসহ ৪ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী মেম্বার প্রার্থী কুলসুম আক্তার, একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের মৃত ইফাত উল্লাহ ছেলে আব্দুর রশিদ ও রাজ্জাক।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না করা নিয়ে ব্যাপক ভাঙচুর করেছে নৌকা মার্কার কর্মী-সমর্থকরা। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ার উপজেলার চাতরী ইউনিয়নের সিংহড়া রামকানাই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওমকার দত্ত (৪৮) নামে ১ জন মারা গেছেন।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের কিলঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন ওমকার। পরে তাকে দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ওয়ার্ডের ২ নম্বর বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া দেখে চরডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলী স্ত্রী সুমেলা খাতুন (৫০) হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে ধারলো অস্ত্রের আঘাতে আবু তাহের নামে ১ যুবকের মৃত্যু হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) ইলিয়াস জিকো বলেন, ভোট গ্রহণ চলাকালে জুমারবাড়ি আদর্শ ডিগ্রী কলেজ ভোট কেন্দ্রের বাইরে টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী আজিজল মিয়ার সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পাখা প্রতীকের মেম্বার প্রার্থী রাসেল আহমেদের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মীরা হাঁসুয়া দিয়ে তার গলায় আঘাত করে। এ সময় তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাহেরের মৃত্যু হয়।

চাঁদপুরের হাইমচরে ও কচুয়ায় নির্বাচনি সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় কচুয়া সাচার নয়াকান্দি এলাকায় মেম্বার প্রার্থী জাকির হোসেনের সমর্থক শরীফ হোসেন (১৮ )কে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় বিকেল ৩টায় নৌকার প্রার্থী সালাউদ্দিন সরদারের সমর্থক ২৮ বছরের এক যুবক ছুরিকাঘাতে মারা যান। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি পাশ্ববর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

ঝিনাইদহের শৈলকুপায় ৬নং সারুটিয়া ইউনয়নে নির্বাচনী সহিংসতায় অখিল (৫৫) সরকার নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনী সহিংসতায় ৩ জনের মৃত্যু হলো।

এছাড়া, নওগাঁর পত্নীতলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের সঙ্গে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। নওগাঁ পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন