লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে হত্যাচেষ্টায় সাবেক ছাত্রলীগ নেতাসহ আসামি ৯

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শওকত হোসেনকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। এ অভিযোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মতিন ভূঁইয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অন্য আসামিরা হলেন মতিনের ভাই নাসির উদ্দিন ভূঁইয়া, অনুসারি শাকিল হোসেন, আল-আমিন ও অজ্ঞাত ৫ জন। তারা সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের উত্তরহামছাদী গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্র জানায়, মামলার বাদী শওকত পেশায় একজন ঠিকাদার। বিভিন্ন কারণে শওকতের সঙ্গে মতিনসহ আসামিদের পূর্ব বিরোধ রয়েছে। এর জের ধরেই শওকতের ঠিকাদারী কাজে আসামিরা বাধা দিয়ে আসছে। বাধা দেওয়ার ঘটনাটি স্থানীয় গণ্যমান্যদের অবহিত করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে ২৩ আগস্ট রাতে বাড়িতে যাওয়ার পথে উত্তর হামছাদী ইউনিয়নের কাজির দিঘীরপাড় ঈদগাহ ময়দান প্রাঙ্গণে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শওকতের ওপর হামলা চালায়। এসময় হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, কিল-ঘুষি মেরে তাকে আহত করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। মামলার সাক্ষী বিপ্লব ভূঁইয়া দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে শওকতকে আসামিদের হাত থেকে রক্ষা করে।

এ ঘটনায় কোন বাড়াবাড়ি ও আইনের শরনাপন্ন হলে শওকতকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয় আসামিরা। ঘটনার সময় শওকতের সঙ্গে থাকা ৮৫ হাজার ৭০০ টাকা আসামিরা নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। ২৫ আগস্ট শওকত বাদী হয়ে মতিনসহ ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, হত্যাচেষ্টা মামলাটি থানায় রুজু হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। তদন্ত চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন