লক্ষ্মীপুরে জানালার গ্রিল কেটে বিএনপি নেতার বাসায় চুরি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাসার জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিএনপি নেতার শাশুড়ির গলা থেকে প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায় চোর। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাসপাতাল সড়ক সংলগ্ন বণিকপাড়ায় বিএনপি নেতা ওয়াহিদুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে। ওয়াহিদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় ব্যবসায়ী।

ওয়াহিদুর রহমান জানান, তিনি রাতে ঢাকা থেকে এসে ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে তার শ্বাশুড়ির গলা থেকে চেইন নিয়ে চোর পালিয়ে যায়। পাশের ভাড়াটিয়াদের জানালার গ্রিল কেটে চোর ঢুকে মালামাল তছনছ করে ফেলেছে। এ ঘটনায় রাতেই তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানা পুলিশের একটি টিম পরিদর্শন করেন। পরে আলামত সংগ্রহ এবং চোরকে আটকের আশ্বাস দিয়েছেন পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তবে কিছু বুঝা যাচ্ছে না। এরপরও আমরা চেষ্টা চালাচ্ছি। আর ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন