বিএনপি সভাপতির রোষানলে ছাত্রদল নেতা, ফেসবুক স্ট্যাটাসে হতাশা
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন মারুফকে কারণ দর্শানের (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার উপজেলা ছাত্রদল এ নোটিশ দেয়। তবে মারুফ বলছেন, নানা বাড়ির সম্পদ উদ্ধার করতে গিয়ে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির রোষানলে পড়ছেন। এনিয়ে মারুফ ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তা নিচে হুবহু তুলে ধরা হয়েছে…
আমি সবসময় সবাইকে সম্মান দিয়ে চলেছি, কাউকে কখনো ছোট করার চেষ্টা করিনি। তবে আমার এই সরলতা ও নীরবতাকে কেউ যদি দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন। গত কয়েক বছর ধরে আমার নানা বাড়ির সম্পত্তি ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মোল্লা আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে জবরদখল করে রেখেছে। এ অন্যায়ের প্রতিবাদ, নিজের অধিকারের পক্ষে কথা বলায় ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মোল্লার প্ররোচনায় আজ আমাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে! পরিবারের সম্পত্তি রক্ষা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা কি আমার অপরাধ? এ অন্যায় আচরণ আমার রাজনৈতিক জীবনে কতটা বেদনার, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
আমি বিশ্বাস করি, সততা ও দলের প্রতি নিষ্ঠা থাকলে কোনো সত্যই কখনো চাপা থাকে না। দলের সকল নিয়ম ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি অবশ্যই শোকজের সঠিক ও জবাবদিহিমূলক ব্যাখ্যা প্রদান করব।
সকল রাজপথের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চাই। রাজনীতিতে পদ-পদবি সাময়িক হতে পারে। কিন্তু হৃদয়ে লালন করা আদর্শ ও রক্তের বন্ধন কখনো মিথ্যা হয় না। আমাদরর শুভ বুদ্ধির উদয় হোক, জয় হোক সততার।
রাজনীতি করেছি মনের টানে, আদর্শের জায়গায় দাঁড়িয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। ২০১৭ সাল থেকে ছাত্রদলের পতাকাতলে থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে নিজেকে উজার করে দিয়েছি। এমনকি ২৪-এর জুলাই আন্দোলনেও নিজের সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছি। কিন্তু আজ দলের এই সুসময়ে এসে নিজের দলেরই কিছু নেতাকর্মীর প্রতিহিংসার শিকার হতে হলো, যা আমার জীবনের অন্যতম এক কঠিন ও দুঃখজনক মুহূর্ত।